জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিজনিত চাপ সামাল দিতে সারা দেশে বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন নির্ধারণ অনুযায়ী, প্রতি কিলোমিটারে বাস ভাড়া ১১ পয়সা বাড়ানো হয়েছে।
বৃহস্পতিবার সচিবালয়ে বাস মালিক সমিতি ও সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
নতুন ভাড়া কাঠামো অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরে চলাচলকারী বাস ও মিনিবাসে প্রতি কিলোমিটার ভাড়া ২ টাকা ৪২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, দূরপাল্লার বাসের ক্ষেত্রে প্রতি কিলোমিটার ভাড়া ২ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ২৩ পয়সা করা হয়েছে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক জ্বালানি বাজারের অস্থিরতা ও পরিবহন ব্যয় বৃদ্ধির প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নতুন ভাড়া কার্যকরের সময় ও তদারকির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শিগগিরই বিস্তারিত নির্দেশনা দেবে বলে জানানো হয়েছে।
