রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় একটি কোম্পানির হোস্টেলের টয়লেট থেকে ইয়াকুব আলী (২৫) নামের এক নিরাপত্তাকর্মীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার আড়ালিয়া গ্রামের বাসিন্দা।
বুধবার দিবাগত রাত দেড়টার দিকে লেকপাড় এলাকায় ম্যাটাডোর কোম্পানির হোস্টেল থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সহকর্মীরা। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হলে রাত ৩টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
কোম্পানির সহকারী ব্যবস্থাপক বজলুর রহমান জানান, রাতের ডিউটিতে থাকা নিরাপত্তাকর্মীদের ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে ইয়াকুব আলীকে গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
তিনি আরও জানান, কারখানার পাশেই কোম্পানির হোস্টেল, যেখানে একটি কক্ষে আটজন কর্মচারী থাকেন। ঘটনার সময় অন্যরা কর্মস্থলে ছিলেন। রাত একটার দিকে অসুস্থতার কথা বলে ইয়াকুব হোস্টেলে ফিরে আসেন। এর কিছুক্ষণ পরই তাকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়।
এ বিষয়ে কামরাঙ্গীরচর থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম ফারুক বলেন, টয়লেট থেকে গোঙানির শব্দ শুনে সহকর্মীরা সেখানে গিয়ে তাকে উদ্ধার করেন। ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি ব্লেডও পাওয়া গেছে।
তিনি জানান, এটি হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা—তা নিশ্চিত হতে তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।
