রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে পালিয়ে গেছেন পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) এহসানউল্লাহ। বুধবার (২৯ অক্টোবর) সকাল থেকে তিনি নিখোঁজ রয়েছেন। পরদিন বৃহস্পতিবার ডাকযোগে তিনি ছুটির আবেদন পাঠালেও সেটি কর্তৃপক্ষ গ্রহণ করেনি।
বিসিএস ২০তম ব্যাচের এই কর্মকর্তা পুলিশ একাডেমির অ্যাডমিন অ্যান্ড লজিস্টিকস শাখার দায়িত্বে ছিলেন। তার বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত চলছে বলে জানা গেছে।
পুলিশ একাডেমির পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড লজিস্টিক) সাইফুল ইসলাম বলেন, বুধবার সকাল থেকে তিনি কর্মস্থলে অনুপস্থিত। পরদিন ডাকযোগে একটি ছুটির আবেদন পাঠিয়েছেন, তবে সেটি গৃহীত হয়নি।
তিনি আরও জানান, ডিআইজি এহসানউল্লাহ কেন পালিয়েছেন, সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। তবে পুলিশের একটি সূত্র জানিয়েছে, বুধবার ঢাকায় সদর দপ্তর থেকে একটি দল তাকে গ্রেপ্তারের জন্য সারদায় পৌঁছায়। বিষয়টি টের পেয়ে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান তিনি।
পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ও সহকারী মহাপরিদর্শক (এআইজি) এ এইচ এম শাহাদাত হোসাইন বলেন, আমিও শুনেছি তিনি দুইদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিষয়ে কিছু জানি না। ট্রাইব্যুনালের নিজস্ব তদন্ত সংস্থা রয়েছে, তারা তাদের মতো করে কাজ করে থাকে।
