বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে সেই নির্বাচন অর্থহীন হয়ে পড়বে। যুক্তরাষ্ট্র সফর শেষে শুক্রবার লন্ডনে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, বাংলাদেশে গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন না হলে কোনো নির্বাচনই কার্যকর হবে না।
জামায়াতের এই শীর্ষ নেতা আরও জানান, দুর্নীতির বিরুদ্ধে আপসহীন লড়াই অব্যাহত থাকবে এবং জামায়াত সবসময় জনগণের পাশে থাকবে। একই সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের ভোটার হওয়ার সময়সীমা ১৫ নভেম্বর পর্যন্ত বাড়ানোর আহ্বান জানান তিনি।
১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঘটনার প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, আমরা যেকোনো অপরাধের বিরোধী। অপরাধী সে যেই হোক সেনাবাহিনীর সদস্য কিংবা অন্য কেউ অপরাধ করলে তাকে অপরাধী হিসেবেই দেখতে হবে।
সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা, প্রতিনিধি ব্যারিস্টার নজরুল ইসলামসহ সংগঠনের আরও কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।
এদিকে, শনিবার সকালে ডা. শফিকুর রহমানের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশগামী ফ্লাইটে রওনা হওয়ার কথা রয়েছে।
