বিএনপি ক্ষমতায় গেলে পুরনো ধাঁচের অর্থনৈতিক কাঠামো ভেঙে গণতান্ত্রিক অর্থনীতি প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
শনিবার দুপুরে রাজশাহীতে বিভাগীয় ব্যবসায়ী সম্মেলনে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলা হবে, যেখানে প্রত্যেক মানুষ সমানভাবে অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবে। আমাদের লক্ষ্য অর্থনীতিকে কেবল কাগুজে নয়, বাস্তব অর্থে গণতান্ত্রিক করা।
তিনি আরও জানান, বিএনপি ক্ষমতায় গেলে ১৮ মাসের মধ্যে এক কোটি নতুন কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হবে।
ঐকমত্য কমিশনের প্রসঙ্গে আমির খসরু বলেন, তারা জনগণ ও রাজনীতিবিদদের ওপর নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দিতে চায়। আমরা বলছি—জনগণের সিদ্ধান্ত জনগণই নেবে। যারা যেখানে ছিলেন, তারা নিজেদের দায়িত্বে ফিরে যান। এই নির্বাচন বিলম্বিত করার চেষ্টা জনগণ বরদাশত করবে না।
