জুলাই অভ্যুত্থান দমন অভিযানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি তাজুল ইসলাম।
বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ বৃহস্পতিবার মামলাটির রায় ঘোষণার জন্য আগামী ১৭ নভেম্বর তারিখ নির্ধারণ করেছে।
এই মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পাশাপাশি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকেও আসামি করা হয়েছে। মামুন দায় স্বীকার করে রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন এবং বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হয়।
রায়ের তারিখ ঘোষণার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধান কৌঁসুলি তাজুল ইসলাম। তিনি বলেন, আমরা অঙ্গীকার করেছিলাম, বাংলাদেশে যতই প্রভাবশালী কেউ হোন না কেন, মানবতাবিরোধী অপরাধ করলে তাকে বিচারের মুখোমুখি করা হবে। এখন আদালত ১৭ নভেম্বর তার সুবিবেচনা ও প্রজ্ঞা প্রয়োগ করে জাতির প্রত্যাশার প্রতিফলন ঘটাবেন বলে আমরা বিশ্বাস করি।
তিনি আরও বলেন, আমরা আদালতের কাছে আসামিদের সর্বোচ্চ শাস্তি প্রার্থনা করেছি। আদালত তার বিবেচনা অনুযায়ী ন্যায়বিচার করবেন বলে আমরা আশাবাদী। এই রায়টি বাংলাদেশের ইতিহাসে দৃষ্টান্ত হয়ে থাকবে—এটাই আমাদের প্রত্যাশা।
