সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে ২০২৬ সালের হজ চুক্তি মঙ্গলবার জেদ্দায় স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে আগামী বছর বাংলাদেশ থেকে মোট ৭৮,৫০০ জন হজযাত্রী হজ পালনে অংশ নিতে পারবেন।
বাংলাদেশের পক্ষে ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন এবং সৌদি আরবের পক্ষে হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল রাবিয়াহ চুক্তি স্বাক্ষর করেন। স্বাক্ষরের আগে ড. খালিদ হোসেন সৌদি মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে হজ ব্যবস্থাপনার অগ্রগতি নিয়ে আলোচনা করেন। তিনি মিনায় তাঁবু ব্যবস্থাপনা, পানি সরবরাহ এবং স্যানিটেশন সুবিধা বৃদ্ধির প্রয়োজনীয়তাসমূহ তুলে ধরেন।
সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করেন এবং বাংলাদেশের হাজিদের সর্বোচ্চ সেবা প্রদানের আশ্বাস দেন। এছাড়া ধর্ম উপদেষ্টা মন্ত্রীকে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানান, যা মন্ত্রী গ্রহণ করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্ম সচিব মো. কামাল উদ্দিন, সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত দেলোয়ার হোসেন, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার ড. হাসান মানাখারা, বাংলাদেশে সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ বিন জাফর এইচ বিন আবিয়াহ, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আয়াতুল ইসলাম, জেদ্দার বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল সাখাওয়াত হোসেন, যুগ্ম সচিব (হজ) ড. মঞ্জুরুল হক এবং কাউন্সিলর (হজ) মো. কামরুল ইসলাম।
চুক্তির মাধ্যমে বাংলাদেশি হজযাত্রীদের নিরাপদ ও সুষ্ঠু হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে দুদেশের মধ্যে সমন্বয় আরও জোরদার হবে।
