বিদেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণে বাণিজ্যমেলা অনুষ্ঠিত হবে ১ থেকে ৩ ডিসেম্বর। ঢাকার পূর্বাচলের বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এর আয়োজন করা হয়েছে, নাম দেওয়া হয়েছে ‘গ্লোবাল সোর্সিং এক্সপো–২০২৫’। এই তথ্য বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
সূত্রের খবর, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা (ডিআইটিএফ) আগের রূপে আর হবে না। এখন থেকে বাণিজ্যমেলা দুইটি পর্বে আয়োজন করা হবে। মূল মেলার নাম রাখা হয়েছে ঢাকা বাণিজ্য মেলা (ডিটিএফ), যা আগামী জানুয়ারিতে মাসব্যাপী অনুষ্ঠিত হবে। অন্যদিকে, আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে আলাদা মেলা অনুষ্ঠিত হবে, সেটিই হলো তিনদিনব্যাপী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’।
অর্থাৎ, একই স্থানে দেশি প্রতিষ্ঠানগুলো জানুয়ারিতে মাসব্যাপী ডিটিএফ-এ অংশ নেবে, আর বিদেশি প্রতিষ্ঠানগুলো জন্য আলাদা তিনদিনের গ্লোবাল সোর্সিং এক্সপো আয়োজন করা হবে। দুই মেলাই যৌথভাবে পরিচালনা করবে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।
এতদিন দেশি-বিদেশি ক্রেতা ও বিক্রেতাকে একত্রিত করে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার আয়োজন করা হতো। এর লক্ষ্য ছিল বিদেশি প্রতিষ্ঠানের সরাসরি অংশগ্রহণের মাধ্যমে গুণগত মানসম্পন্ন পণ্য ও প্রযুক্তি প্রদর্শন এবং স্থানীয় বাজারের সঙ্গে পরিচয় করানো। তবে বাস্তবে দেখা গেছে, অনেক বিদেশি প্রতিষ্ঠান দূতাবাস বা সরকারি প্রতিনিধি পাঠানোর বদলে স্থানীয় এজেন্ট বা ব্যক্তির মাধ্যমে অংশ নিয়েছে।
ফলস্বরূপ, পণ্য ও সেবার মান যাচাই করা সম্ভব হয়নি, এবং কখনও কখনও স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য বিদেশি ব্র্যান্ডের নামে উপস্থাপন করা হয়েছে। সরাসরি অংশগ্রহণ না থাকায় ক্রেতারা প্রতারিত হয়েছেন, যা প্রদর্শনীর আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।
এ কারণেই এবার বিদেশি প্রতিষ্ঠানগুলোর জন্য আলাদা তিনদিনের গ্লোবাল সোর্সিং এক্সপো আয়োজন করা হচ্ছে, যাতে অংশগ্রহণকারীদের জন্য কার্যকর ও মানসম্মত প্রদর্শনী নিশ্চিত করা যায়।
