বরিশালের কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনালে হাফ ভাড়া নিয়ে বিরোধকে কেন্দ্র করে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থী ও পরিবহণ শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে শুরু হওয়া এ ঘটনায় অর্ধশতাধিক মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। সংঘর্ষের সময় টার্মিনালে দাঁড়িয়ে থাকা অর্ধশতাধিক বাসে ভাঙচুর চালানো হয়, যা রাত সোয়া ৮টা পর্যন্ত চলতে থাকে।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, মুলাদী থেকে বরিশালমুখী একটি বাসে হাফ ভাড়া দিতে চাইলে এক শিক্ষার্থীকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। খবর ছড়িয়ে পড়লে তারা নথুল্লাবাদ টার্মিনালে গিয়ে শ্রমিকদের কাছে ঘটনার ব্যাখ্যা চান। শিক্ষার্থীদের দাবি, তখনই শ্রমিকরা তাদের ওপর হামলা চালায়, যাতে প্রায় ২০–২৫ জন শিক্ষার্থী আহত হন।
তবে শ্রমিকপক্ষ শিক্ষার্থীদের অভিযোগ অস্বীকার করেছে। পরিবহণ শ্রমিক নেতা আরজু মৃধা বলেন, কলেজ বন্ধের দিনেও হাফ ভাড়া নিয়ে মুলাদী রুটে শ্রমিকদের সঙ্গে এক শিক্ষার্থীর বাকবিতণ্ডা হয়। এর জের ধরে সন্ধ্যায় কয়েকশ শিক্ষার্থী টার্মিনালে থাকা অন্তত ৫০টি বাসে ভাঙচুর চালায় এবং ১৫–২০ জন শ্রমিককে মারধর করে আহত করে।
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বরিশাল বিমানবন্দর থানার ওসি মামুন উল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি শান্ত করার চেষ্টা চলছে।
