রাজধানীর পল্লবীতে যুবদলের এক নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যায় পল্লবী থানা এলাকার সি ব্লকের একটি দোকানে এ ঘটনা ঘটে। নিহত গোলাম কিবরিয়া পল্লবী থানা যুবদলের সদস্যসচিব ছিলেন।
পুলিশ জানায়, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে সেকশন-১২ এর বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারির ভেতরে বসে থাকা অবস্থায় মোটরসাইকেলযোগে আসা তিনজন সশস্ত্র ব্যক্তি দোকানে ঢুকে কিবরিয়ার মাথা, বুক ও পিঠে পিস্তল ঠেকিয়ে টানা সাত রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে সাতটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।
পল্লবী থানার ওসি মফিজুর রহমান বলেন, কে বা কারা এ হামলায় জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং পুলিশ নিরাপত্তা জোরদার করেছে।
