মাত্র ৪০ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমালেন সাংবাদিক নাহিদ রিয়াসাত। বন্ধু ও সহকর্মীদের কাছে যিনি ‘আনন্দ’ নামেই বেশি পরিচিত ছিলেন। তাঁর সর্বশেষ কর্মস্থল ছিল অনলাইন গণমাধ্যম টাইম অব বাংলাদেশ। এর আগে তিনি নিউজনেক্সট বাংলাদেশ-এর মাধ্যমে সাংবাদিকতা জীবনের পথচলা শুরু করেন।
পারিবারিক সূত্র জানায়, গত মধ্যরাতে রাজধানীর ধানমন্ডির বাসায় অবস্থানকালে হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন নাহিদ রিয়াসাত। রাত আনুমানিক আড়াইটার দিকে দ্রুত তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলে পথেই তার মৃত্যু হয় (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
নাহিদ রিয়াসাতের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নিউজনেক্সট বাংলাদেশ-এর সম্পাদক নজরুল ইসলাম। এক শোকবার্তায় তিনি বলেন, “আমরা একজন কর্মচঞ্চল, প্রতিশ্রুতিশীল তরুণ সাংবাদিককে হারালাম। বিশ্ববিদ্যালয়ে তিনি আমার ছাত্র ছিলেন, পরে সহকর্মী হিসেবে একসঙ্গে কাজ করেছি। নাহিদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”
সহকর্মীরা জানান, নাহিদ রিয়াসাতের বাড়ি নারায়ণগঞ্জের বাবুরাইলে। সেখানে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
তার অকাল প্রয়াণে সাংবাদিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
