বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকা সফরে এসেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।
বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে তিনি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়, ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী বিশেষ ফ্লাইটটি নির্ধারিত সময়েই ঢাকায় অবতরণ করে। সফরকালে তিনি খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
এর আগে মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতের সরকার ও জনগণের পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে ড. এস জয়শঙ্কর বাংলাদেশে আসবেন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এটি ভারতের কোনো মন্ত্রীর প্রথম বাংলাদেশ সফর হিসেবে বিবেচিত হচ্ছে।
