মান্না-আইয়ুব-হামিদুরসহ ৮৪ প্রার্থীর মনোনয়ন বাতিল

নিজস্ব প্রতিবেদক :

2 Min Read

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম চালাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এই প্রক্রিয়া চলবে আগামী ৪ জানুয়ারি পর্যন্ত। এরপর আপিল, আপিল নিষ্পত্তি ও প্রার্থিতা প্রত্যাহারের ধাপ শেষে আগামী ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সাপ্তাহিক ছুটির দিন হলেও গতকাল শুক্রবার বিভাগীয় কমিশনারের কার্যালয় ও ইসিতে যাচাই-বাছাই কার্যক্রম অব্যাহত ছিল।

এদিন দেশের বিভিন্ন আসনে যাচাই শেষে মোট ৮৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে কয়েকজন পরিচিত ও প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বও রয়েছেন। এর মধ্যে বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, যশোর-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী টি এস আইয়ুব এবং কক্সবাজার-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী এইচ এম হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

ইসি সূত্র জানায়, হলফনামায় ভুল ও তথ্যের গরমিল, প্রস্তাবক-সমর্থকের ত্রুটি, ভোটারের স্বাক্ষর না থাকা, মামলা সংক্রান্ত জটিলতা ও ঋণখেলাপির অভিযোগসহ বিভিন্ন কারণে এসব মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়ায় বিএনপির আটজন বিদ্রোহী প্রার্থীর মনোনয়নপত্রও বাতিল হয়েছে।

বিভিন্ন বিভাগ ও জেলায় বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে চট্টগ্রাম, বগুড়া, যশোর, কক্সবাজার, কুমিল্লা, গাইবান্ধা, মুন্সীগঞ্জ, বরিশাল, খুলনা, কুড়িগ্রাম, পাবনা, রংপুর, ব্রাহ্মণবাড়িয়া ও টাঙ্গাইলের একাধিক আসনের প্রার্থীরা রয়েছেন। কোথাও একজন, কোথাও একাধিক প্রার্থীর কাগজ অবৈধ ঘোষণা করা হয়েছে।

বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নার ক্ষেত্রে হলফনামায় নোটারি পাবলিক ও প্রার্থীর স্বাক্ষরের তারিখের অসামঞ্জস্যকে কারণ হিসেবে দেখানো হয়েছে। যশোর-৪ আসনে বিএনপি প্রার্থী টি এস আইয়ুবের বিরুদ্ধে ব্যাংক ঋণখেলাপির অভিযোগ থাকায় তাঁর মনোনয়ন বাতিল করা হয়। কক্সবাজার-২ আসনে জামায়াত প্রার্থী হামিদুর রহমান আযাদের ক্ষেত্রে মামলা সংক্রান্ত প্রয়োজনীয় নথি উপস্থাপন করতে না পারাকে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

ইসি ও রিটার্নিং কর্মকর্তারা জানিয়েছেন, যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে, তারা আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে আপিল করার সুযোগ পাবেন। যাচাই-বাছাই শেষ হলে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *