হ্যাকিংয়ের মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হয়েছে: ডা. শফিকুর রহমান

বিশেষ প্রতিনিধি :

1 Min Read

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, তার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আপত্তিকর পোস্ট দেওয়া হয়েছিল। এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করা হয়েছে এবং সময়মতো জাতির সামনে তাদের পরিচয় প্রকাশ করা হবে।

রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা-১৫ আসনে এক নির্বাচনী পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, তরুণদের নেতৃত্বে একটি ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়াই জামায়াতের লক্ষ্য। তরুণরা সামনে থেকে নেতৃত্ব দেবে, আর অভিজ্ঞরা পেছন থেকে দিকনির্দেশনা ও সাহস জোগাবে। তিনি বলেন, অপরাধের সঙ্গে জড়িত কেউই ছাড় পাবে না এবং চাঁদাবাজির বিরুদ্ধে জামায়াতের থাকবে কঠোর অবস্থান।

তিনি আরও বলেন, দেশের নারীদের জন্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ পরিবেশ নিশ্চিত করা হবে এবং বৈষম্যহীন সমাজ গড়ে তোলা হবে। একই সঙ্গে তিনি কিছু রাজনৈতিক দলের নির্বাচনী প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন তুলে বলেন, জনগণ এবার ইনসাফের পক্ষে রায় দেবে।

এর আগে, একই দিন দুপুরে জামালপুরের সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আরেকটি নির্বাচনী জনসভায় জামায়াত আমির বলেন, এবারের নির্বাচন গত পাঁচ দশকের দুর্নীতিগ্রস্ত ও ফ্যাসিবাদী রাজনীতির অবসান ঘটানোর সুযোগ।

উল্লেখ্য, শনিবার বিকেলে ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট থেকে নারীদের নিয়ে একটি আপত্তিকর পোস্ট ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়। পরে জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছিল এবং পোস্টটি তার নিজের নয়।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *