জামাতের আমেরিকা ও ভারতের সঙ্গে গোপন বৈঠক নিয়ে যা বললেন চরমোনাই পীর

বিশেষ প্রতিনিধি :

2 Min Read

জামায়াতে ইসলামীর বিরুদ্ধে কঠোর সমালোচনা করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম অভিযোগ করেছেন, দলটি আমেরিকার সঙ্গে গোপন বৈঠক করে তথাকথিত ‘ইনসাফ’ বাস্তবায়নের চেষ্টা করছে।

রোববার দুপুরে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট এলাকায় এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, দীর্ঘ ৫৪ বছর ধরে প্রচলিত ব্যবস্থায় দেশ পরিচালনার পরও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা হয়নি। একই ব্যবস্থার মধ্যে থেকে আবার কীভাবে তারা ইনসাফ প্রতিষ্ঠার কথা বলে তা জনগণের কাছে স্পষ্ট নয়। তিনি দাবি করেন, জামায়াত বাহ্যিকভাবে ধর্মীয় ভাবমূর্তি দেখালেও বাস্তবে তারা আমেরিকা ও ভারতের সঙ্গে গোপন সমঝোতায় লিপ্ত।

তিনি আরও বলেন, আমরা আমেরিকার ইনসাফ দেখেছি, ভারতের ইনসাফও দেখেছি। বাংলার মানুষ আর সেই ইনসাফ দেখতে চায় না।

জামায়াতের রাজনৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, দলটি নিজেরাই স্বীকার করেছে যে তারা ইসলামী শরিয়াহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না এবং ক্ষমতায় গেলে প্রচলিত ব্যবস্থার মধ্যেই দেশ চালাবে। এমনকি তাদের এক প্রার্থী প্রকাশ্যে জামায়াতকে ইসলামী দল নয় বলেও উল্লেখ করেছেন।

চরমোনাই পীর অভিযোগ করেন, যে নীতি ও আদর্শের ফলে অতীতে গুম, খুন, অর্থপাচার ও সামাজিক বিপর্যয় ঘটেছে, সেই একই ধারায় দেশ পরিচালনার পরিকল্পনাই করছে জামায়াত।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, যারা দেশ ও ইসলামকে ভালোবাসেন, তাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতীক হাতপাখায় ভোট দিতে হবে।

সভায় সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর-৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী খালেদ সাইফুল্লাহ। এছাড়া উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-৩ আসনের প্রার্থী ও জেলা সভাপতি ক্যাপ্টেন মুহাম্মদ ইব্রাহিম, জেলা সেক্রেটারি মাওলানা জহিরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *