জাককানইবিতে বেগম জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

দেবদূত কর তীর্থ, ময়মনসিংহ :

2 Min Read

বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৪ জানুয়ারি ২০২৬) বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাদা দল। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।

সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় একজন অতন্দ্র প্রহরী হিসেবে ভূমিকা রেখেছেন। তিনি একজন উদার গণতান্ত্রিক নেত্রী ছিলেন এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে দেশে একাধিক গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিয়েছেন। দল, মত ও ধর্ম নির্বিশেষে মানুষকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রেও তাঁর ভূমিকা উল্লেখযোগ্য ছিল।

তিনি আরও বলেন, তাঁর আদর্শ ধারণ করে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।

দোয়া মাহফিলে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এবং সাদা দলের আহ্বায়ক প্রফেসর ড. মো. মিজানুর রহমান।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, প্রভোস্ট, প্রক্টর, পরিবহণ প্রশাসক, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের জন্য মহান আল্লাহর নিকট দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মো. আব্দুল হাকীম।

উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম নারী প্রধানমন্ত্রী ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখ ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *