ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা বর্তমানে পবিত্র নগরী মক্কায় অবস্থান করছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সেখানকার কিছু আবেগঘন মুহূর্তের ছবি শেয়ার করেছেন তিনি।
নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করা ছবিগুলোতে দেখা যায়, কাবা শরিফের সামনে পরিবারসহ দাঁড়িয়ে আছেন পূর্ণিমা। ছবিতে তাঁর স্বামী, কন্যা ও পরিবারের অন্যান্য সদস্যরাও রয়েছেন। ছবির ক্যাপশনে অভিনেত্রী সংক্ষিপ্তভাবে লিখেছেন—“আলহামদুলিল্লাহ।”
এর আগে মদিনা সফরের একটি ছবিও সামাজিকমাধ্যমে প্রকাশ করেন তিনি। সেখানে কালো বোরকা পরিহিত অবস্থায় মসজিদে নববীর সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাকে। ছবিটির ক্যাপশনে তিনি লিখেছেন, “হে আল্লাহর রাসুল, আপনার ওপর শান্তি ও বরকত বর্ষিত হোক।”
বছরের শুরুতেই পবিত্র ভূমি থেকে পূর্ণিমার এমন পোস্ট দেখে ভক্ত-অনুরাগীরা মন্তব্যের ঘরে শুভেচ্ছা ও দোয়ার বন্যা বইয়ে দেন। অনেকেই তাঁর ওমরাহ কবুল হওয়ার জন্য দোয়া করেছেন।
ভক্তদের ধারণা, স্বামী আশফাকুর রহমান রবিন ও পরিবারের সদস্যদের সঙ্গে সৌদি আরব সফরে রয়েছেন এই অভিনেত্রী এবং সফরের অংশ হিসেবে ওমরাহ পালন করছেন তিনি। তবে সফর সংক্রান্ত বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেননি পূর্ণিমা।
কাজের দিক থেকে বর্তমানে পূর্ণিমার হাতে রয়েছে একাধিক চলচ্চিত্র। এর মধ্যে ‘গাঙচিল’ সিনেমার কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। পাশাপাশি ‘জ্যাম’ নামের আরেকটি ছবির শুটিং এখনো চলমান রয়েছে।
