শাড়ি প্রমোশন না করায় তানজিন তিশার বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের মামলা

নিউজনেক্সট অনলাইন :

1 Min Read
অভিনেত্রী তানজিন তিশা, ছবি - ফেসবুক থেকে।

শাড়ি নিয়ে প্রতারণা করে বিশ্বাসভঙ্গের অভিযোগে টেলিভিশন অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা হয়েছে।

এ্যাপোনিয়ার ফ্যাশনের এক্সিকিউটিভ মো. আমিনুল ইসলাম বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে মামলা করেন। বাদীপক্ষের আইনজীবী সলিমুল্লাহ সরকার জানান, আদালত অভিযোগ তদন্ত করে ডিবি পুলিশের মাধ্যমে আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, তানজিন তিশা বাংলাদেশের পরিচিত মডেল, অভিনেত্রী ও টিভি উপস্থাপিকা। মিডিয়া ইন্ডাস্ট্রির সাথে দীর্ঘদিনের সম্পর্কের সুযোগ নিয়ে তিনি এ্যাপোনিয়ার অনলাইন পেইজে যুক্ত হয়ে একটি শাড়ি পছন্দ করেন, যার বাজার মূল্য ২৮ হাজার ৮০০ টাকা। শাড়িটি তার বাসায় পৌঁছে দেওয়া হয় এবং তিনি আশ্বস্ত করেন যে পরে শাড়িটি পরিধান করে পেইজ প্রমোশন করবেন।

মামলায় উল্লেখ করা হয়, শাড়িটি গ্রহণের প্রায় ১০ মাস পার হয়ে গেলেও তানজিন তিশা তা পরিধান করে কোনো প্রমোশন করেননি। ছয় মাসের বেশি সময় ধরে তিনি পেইজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগও রাখেননি এবং ইচ্ছাকৃতভাবে তাদের সঙ্গে কথোপকথন থেকে বিরত রয়েছেন।

বাদী অভিযোগ করেন, তানজিন তিশা ‘প্রতারণা করে বিশ্বাসভঙ্গ’ করেছেন। তিনি তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন।

বিষয়টি সম্পর্কে কথা বলার জন্য তানজিন তিশার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হলেও তাঁকে ফোনে পাওয়া যায়নি।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *