বিজয়ের মাস উপলক্ষে বড়পর্দায় প্রদর্শিত হবে মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘নকশী কাঁথার জমিন’, যেখানে দেখা যাবে দুই বোনের ভালোবাসা, ত্যাগ ও জীবনের টানাপোড়েন। সিনেমাটি পরিচালনা করেছেন ‘খাঁচা’-খ্যাত নির্মাতা আকরাম খান।
সিনেমার কাহিনী ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে দুই বোনের করুণ পরিণতি ঘিরে। এটি কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ‘বিধবাদের কথা’ গল্প অবলম্বনে নির্মিত। দুই বোনের চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান ও ফারিহা শামস সেঁওতি।
এছাড়া সিনেমায় দুই ভাইয়ের চরিত্রে আছেন ইরেশ যাকের ও রওনক হাসান, এবং গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতি।
সিনেমাটি ইতোমধ্যেই দেশের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে স্ট্রিমিং হয়েছে।
এবার ২০ ডিসেম্বর বিকেল ৫টায় রাশিয়ান কালচারাল সেন্টারে বিশেষ প্রদর্শনীর মাধ্যমে বড়পর্দায় দর্শকের সামনে আসবে। প্রদর্শনীতে অংশগ্রহণ নিশ্চিত করতে অনলাইনে রেজিস্ট্রেশন করার জন্য দর্শকদেরও আহ্বান জানানো হয়েছে।
