হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন পশ্চিমবঙ্গের খ্যাতনামা সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। শনিবার রাতে শারীরিক অস্বস্তি বোধ করায় তাকে দ্রুত কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ৬১ বছর বয়সী এই গায়কের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।
চিকিৎসকের বরাত দিয়ে আনন্দবাজার জানায়, রাত দুইটার দিকে হৃদ্যন্ত্রে সমস্যার কারণে তাকে ভর্তি করা হয়। তার বুকে দুটি স্টেন্ট বসানো হয়েছে এবং আপাতত বিশ্রামে থাকতে হবে।
নচিকেতার মেয়ে ধানসিঁড়ি চক্রবর্তী বলেন, বাবার শরীর আগের মতোই ভালো ছিল, অনুষ্ঠানও করেছেন অনেকগুলো। হঠাৎ অসুস্থ হওয়ায় দ্রুত হাসপাতালে নিয়ে যাই। এক মুহূর্তও দেরি হয়নি। হার্টে সমস্যা দেখা দিয়েছিল, তবে এখন আগের তুলনায় অনেক ভালো।
অসুস্থতার কারণে রোববার আসানসোলে তার অনুষ্ঠানের আয়োজন বাতিল করা হয়েছে। পাশাপাশি, আগামী কয়েকদিনের অন্যান্য অনুষ্ঠানও স্থগিত করা হয়েছে।
