আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সারাদেশে ৩৭ হাজারেরও বেশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন থাকবে। ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতেই এই প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
শনিবার রাজধানীর মিরপুরে জাতীয় সুইমিং কমপ্লেক্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিজিবির ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল এস এম আবুল এহসান এ তথ্য জানান। তিনি বলেন, ভোটাররা যেন নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যেই বিজিবি দায়িত্ব পালন করবে। দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত সম্পূর্ণ সুরক্ষিত রেখেই নির্বাচনকালীন সময়ে বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে মাঠে থাকবে।
বিজিবি সূত্র জানায়, দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮৯টিতে বিজিবি নির্বাচনী দায়িত্ব পালন করবে। পাশাপাশি সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকবে। ঝুঁকি বিবেচনায় সব ৩০০টি সংসদীয় আসনেই বিজিবির উপস্থিতি নিশ্চিত করা হবে। উপজেলা ভেদে ২ থেকে ৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের পরিকল্পনা রয়েছে।
সংবাদ সম্মেলনে কর্নেল এস এম আবুল এহসান আরও জানান, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি কোনো ধরনের মরণাস্ত্র (লেথাল উইপেন) ব্যবহার করবে না। পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজন অনুযায়ী র্যাপিড অ্যাকশন টিম (আরএটি), কুইক রেসপন্স ফোর্স (কিউআরএফ) এবং হেলিকপ্টার ইউনিট প্রস্তুত রাখা হয়েছে।
এ ছাড়া নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে কে-নাইন ডগ স্কোয়াড ইউনিটও মোতায়েন থাকবে বলে জানান তিনি। কোনো জরুরি পরিস্থিতি সৃষ্টি হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বস্ত করেন বিজিবি কর্মকর্তা।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য ইউনিটের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবে বিজিবি।
