নির্বাচনে ছাত্রদের সম্পৃক্ততা চায় না বিএনপি

বিশেষ প্রতিনিধি :

2 Min Read

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো জটিল রাজনৈতিক প্রক্রিয়ায় শিক্ষার্থীদের সম্পৃক্ত না করার আহ্বান জানিয়েছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, নির্বাচনী কাজে শিক্ষার্থীদের যুক্ত করলে তারা এবং তাদের শিক্ষা প্রতিষ্ঠান বিতর্কে জড়িয়ে পড়তে পারে।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান নজরুল ইসলাম খান।

তিনি বলেন, বিএনপি নির্বাচন কমিশনকে স্পষ্টভাবে জানিয়েছে অল্প বয়সী ছাত্রদের সংসদ নির্বাচনের মতো সংবেদনশীল ও জটিল প্রক্রিয়ায় সম্পৃক্ত করা সমীচীন নয়। আইন অনুযায়ী যেসব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নির্বাচনী দায়িত্ব পালনের কথা বলা আছে, তাদের দিয়েই এই দায়িত্ব পালন করানো উচিত।

নজরুল ইসলাম খান আরও জানান, শিক্ষার্থীদের পরবর্তীতে স্কাউটদেরও নির্বাচনী কাজে যুক্ত করার আলোচনা শোনা যাচ্ছে বলে তারা কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন। নির্বাচন কমিশন বিষয়টির যৌক্তিকতা স্বীকার করে এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দিয়েছে।

তিনি বলেন, নির্বাচনী এলাকায় শান্তি কমিটি গঠনের বিষয়ে একটি গুঞ্জন শোনা গেলেও নির্বাচন কমিশন এ ধরনের কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছে। পাশাপাশি নির্বাচনী বিশৃঙ্খলা এড়াতে ভোটের অন্তত দুই দিন আগে বহিরাগত রাজনৈতিক নেতাকর্মীদের সংশ্লিষ্ট এলাকা ত্যাগ করার বিষয়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

স্থানীয় পর্যবেক্ষকদের প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, প্রায় ৫৫ হাজার পর্যবেক্ষককে অনুমোদন দেওয়া হয়েছে, যার মধ্যে অনেক অপরিচিত সংগঠন রয়েছে। বিএনপির মতে, যেসব প্রতিষ্ঠানের পর্যবেক্ষণের সক্ষমতা ও অভিজ্ঞতা রয়েছে, কেবল তাদেরই দায়িত্ব দেওয়া উচিত। একই সঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষকের উপস্থিতিতে যেন ভোটগ্রহণ কার্যক্রম ব্যাহত না হয়, সেদিকেও নজর দেওয়ার কথা বলা হয়েছে।

ভোটার তালিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, গত এক থেকে দেড় বছরে ঢাকা মহানগরসহ বিভিন্ন এলাকায় অস্বাভাবিক ভোটার স্থানান্তরের তথ্য রয়েছে। অনেক স্থানে যেখানে স্বাভাবিকভাবে কয়েকজন ভোটার থাকার কথা, সেখানে অস্বাভাবিকভাবে ভোটারের সংখ্যা বেশি দেখানো হয়েছে বলে অভিযোগ রয়েছে। বিএনপি আসনভিত্তিক সঠিক তথ্য চেয়েছে এবং কমিশন বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে।

এছাড়া নির্বাচনী এলাকায় ইলেক্টোরাল ইনকোয়ারি ও এডজুডিকেশন কমিটির কার্যক্রম আরও দৃশ্যমান করার দাবিও জানানো হয়েছে বলে উল্লেখ করেন নজরুল ইসলাম খান।

এর আগে নজরুল ইসলাম খানের নেতৃত্বে বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করে।

- Advertisement -
newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *