ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে সতর্ক বার্তা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি সোমবার বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত বিভাগীয় আইনশৃঙ্খলা মিটিং শেষে সাংবাদিকদের বলেন, প্রশাসন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সকল পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
তিনি জানান, নির্বাচনে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা একত্রিতভাবে কাজ করছেন। সারা দেশে এক লাখ সেনাবাহিনী, দেড় লাখ পুলিশ, ৫ হাজার নেভি, ৩৭ হাজার বিজিবি, ১০ হাজার র্যাব, ৫ হাজার কোস্টগার্ড এবং প্রায় ৬ লাখ আনসার মোতায়েন থাকবে। এছাড়া, উপকূলীয় এলাকায় কোস্টগার্ড ও নেভির উপস্থিতি আগের তুলনায় আরও বাড়ানো হয়েছে।
জাহাঙ্গীর আলম বলেন, ‘প্রত্যেক নির্বাচনী কেন্দ্রেই এবার বডি ক্যামেরা স্থাপন করা হবে। ভোট প্রক্রিয়ায় সিসি ক্যামেরা এবং ড্রোন ব্যবহার করা হবে। কেউ যদি অনিয়মের চেষ্টা করে, তা ধরা পড়বে এবং শাস্তির আওতায় আসবে।’ তিনি সকলকে সতর্ক করে বলেন, ভোটারদের শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত করতে প্রত্যেককে তাদের দায়িত্ব পালন করতে হবে।
তিনি আরও জানান, প্রশাসনের একপক্ষীয় আচরণের যে অভিযোগ প্রার্থীরা করছেন, তা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। নির্বাচনী এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে।
সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি সভাপতিত্ব করেন। এছাড়া উপস্থিত ছিলেন পুলিশের আইজি বাহারুল আলম, কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল জিয়াউল হক, বিভাগীয় কমিশনার মো. মাহফুজুর রহমান এবং ছয় জেলার সরকারি ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।
