প্রার্থীর মৃত্যুতে শেরপুর ৩ আসনের নির্বাচন স্থগিত

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

শেরপুর ৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে ওই আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এ প্রার্থী জেলা জামায়াতের সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

বুধবার বিষয়টি নিশ্চিত করেন শেরপুর জেলা রিটার্নিং কর্মকর্তা তরফদার মাহমুদুর রহমান। তিনি জানান, জামায়াত প্রার্থী মো. নুরুজ্জামান বাদল মৃত্যুবরণ করায় নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী শেরপুর-৩ আসনের চলমান নির্বাচনি কার্যক্রম স্থগিত করা হয়েছে। পরবর্তী সময়ে নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

নুরুজ্জামান বাদল (৫১) মঙ্গলবার রাত আনুমানিক ৩টার দিকে ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন বলে জানা গেছে।

নির্বাচন কমিশন সূত্র জানায়, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২-এর অনুচ্ছেদ ১৭(১) অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা অতিক্রমের পর এবং ভোটগ্রহণের আগেই যদি কোনো বৈধ প্রার্থী মৃত্যুবরণ করেন, তাহলে সংশ্লিষ্ট আসনের নির্বাচন স্থগিত বা বাতিল করা বাধ্যতামূলক।

আইনে আরও বলা হয়েছে, প্রার্থী নির্বাচন কমিশনের পক্ষ থেকে বৈধ হিসেবে ঘোষিত হতে হবে। প্রার্থীর মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়ার পর সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা গণবিজ্ঞপ্তির মাধ্যমে ওই আসনের নির্বাচনি কার্যক্রম স্থগিতের ঘোষণা দেন এবং পরে নির্বাচন কমিশন নতুন তফসিল নির্ধারণ করে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *