জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন, একটি রাজনৈতিক দল প্রকাশ্যে এক কথা বললেও মাঠে ভিন্ন কৌশলে কাজ করছে। তিনি বলেন, দলটির শীর্ষ নেতৃত্ব ‘হ্যাঁ’ ভোটের কথা বললেও তাদের কর্মীরা ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে এবং ভোটকেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছে।
শনিবার বিকেলে যশোর শহরের দড়াটানা ভৈরব চত্বরে ১১ দলীয় জোট আয়োজিত নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি।
হাসনাত আবদুল্লাহ দাবি করেন, ভোট কারচুপির উদ্দেশ্যে নামমাত্র পর্যবেক্ষক সংগ্রহ করা হচ্ছে। এ ধরনের ষড়যন্ত্র প্রতিহত করতে ১১ দলীয় জোটের নেতাকর্মীদের ভোটের দিন প্রতিটি ভোটকেন্দ্র পাহারা দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে বলে আহ্বান জানান তিনি।
পথসভায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উদ্দেশে তিনি বলেন, পুলিশকে কোনো রাজনৈতিক দলের পক্ষাবলম্বন না করে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। “আপনারা দেশের গর্বিত পুলিশ হয়ে কাজ করুন, আমরা আপনাদের নিরাপত্তা নিশ্চিত করব” বলেও মন্তব্য করেন তিনি।
এনসিপির যশোর জেলার প্রধান সমন্বয়ক নুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় হাসনাত আবদুল্লাহ আরও বলেন, অনেকেই ধানের শীষের মিছিল নিয়ে ভোটকেন্দ্রে যাবেন, কিন্তু ভোট দেবেন ভিন্ন প্রতীকে। এ কারণে সাধারণ ভোটারদের কাছে সঠিক বার্তা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।
সভায় আরও বক্তব্য দেন যশোর-৩ (সদর) আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী আব্দুল কাদের, এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক শাকিব শাহরিয়ারসহ জামায়াতে ইসলামী ও এনসিপির বিভিন্ন স্তরের নেতারা।
