অন্তর্বর্তী সরকার রাজনৈতিক হয়রানিমূলক ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে। আইন মন্ত্রণালয় রোববার (৮ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি, জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা এসব মামলাকে হয়রানিমূলক হিসেবে চিহ্নিত করা হয়েছে। মামলাগুলো প্রত্যাহার হলে প্রায় পাঁচ লাখ মানুষ এসব মামলা থেকে অব্যাহতি পাবেন।
আইন মন্ত্রণালয় জানায়, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়ে দায়ের হওয়া রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলাগুলো পর্যালোচনার জন্য অন্তর্বর্তী সরকার গত বছরের ২২ সেপ্টেম্বর দুটি কমিটি গঠন করে। এর মধ্যে একটি জেলা প্রশাসকের নেতৃত্বে জেলা পর্যায়ে এবং অপরটি আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল –এর নেতৃত্বে আন্তঃমন্ত্রণালয় পর্যায়ে গঠিত হয়।
এই কমিটিগুলোর মাধ্যমে রাজনৈতিক দলগুলোর কাছে আবেদন আহ্বান করা হয়, যাতে পূর্ববর্তী সরকারের সময়ে দায়ের করা হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের জন্য প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র জমা দেওয়া যায়।
ভুক্তভোগী রাজনৈতিক দলগুলোর আবেদনের ভিত্তিতে আন্তঃমন্ত্রণালয় কমিটি এখন পর্যন্ত ৩৯টি সভা করে মামলাগুলো যাচাই-বাছাই করেছে। পর্যালোচনা শেষে ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এ কার্যক্রম এখনও চলমান রয়েছে।
আইন মন্ত্রণালয় জানিয়েছে, রাজনৈতিক প্রতিহিংসা ও হয়রানি থেকে নাগরিকদের সুরক্ষা দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
