পঞ্চগড়ে আওয়ামী লীগ কার্যালয়ের তালা খুলে দিলেন বিএনপি নেতা

‘এটা আমার দলের সিদ্ধান্ত নয়। এলাকায় যেন উত্তেজনা বিরাজ না করে শান্তিপূর্ণ রাখার জন্যই আওয়ামী লীগের অফিস খুলে দিয়েছি। এর আগে জামায়াত এই অফিসটি তালাবদ্ধ করে রেখেছিল। আমরা আজ খুলে দিলাম।’ - বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান

নিউজনেক্সট অনলাইন :

2 Min Read
ছবি - সংগৃহীত।

পঞ্চগড়ে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের একটি ইউনিয়ন কার্যালয়ের তালা খুলে দিয়েছেন সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় খুলে দেওয়ার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

এ সংক্রান্ত একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে তাতে চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান বুলেটকে বলতে শোনা যায়, বিএনপি নেতা আবু দাউদ প্রধান আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের পাশে দাঁড়িয়ে কার্যালয়টি তালামুক্ত করেছেন।

ভিডিওতে মুক্তিযোদ্ধা আবুল হোসেন অভিযোগ করেন, তাদের নামে মিথ্যা মামলা হয়েছে এবং সেখান থেকে মুক্তির বিষয়ে তিনি আবু দাউদ প্রধানের সহায়তা চান। সাবেক ছাত্রলীগ নেতা আনিসুজ্জমান স্বপনও সেখানে উপস্থিত থেকে বলেন, মুক্তিযুদ্ধ ও জাতীয় পতাকার প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং এলাকায় শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে হবে।

এ বিষয়ে আবু দাউদ প্রধান বলেন, তিনি আগে জানতেন না যে কার্যালয়টি তালাবদ্ধ। জানতে পেরে এলাকায় উত্তেজনা এড়াতে এবং শান্তি বজায় রাখতে তালা খোলার উদ্যোগ নিয়েছেন। তাঁর ভাষ্য, এটি দলের কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নয়; বরং স্থানীয় পরিস্থিতি শান্ত রাখার উদ্যোগ। তিনি আরও বলেন, কোনো দলেই অনিয়মকারী থাকতে পারে, তবে শৃঙ্খলা ভঙ্গের সুযোগ দেওয়া হবে না।

অন্যদিকে মুক্তিযোদ্ধা আবুল হোসেন দাবি করেন, জামায়াতের লোকজন কার্যালয়টি তালাবদ্ধ করেছিল। বর্তমানে মুক্তিযোদ্ধারা কার্যালয়টি পরিষ্কার-পরিচ্ছন্ন করছেন এবং আপাতত তারা এটি ব্যবহার করবেন। আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম সেখানে আপাতত চালু হবে না বলেও জানান তিনি।

উল্লেখ্য, পঞ্চগড়-১ (সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী) আসনে ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী মুহম্মদ নওশাদ জমির ১ লাখ ৮৬ হাজার ১৮৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শাপলাকলি প্রতীকের প্রার্থী সারজিস আলম পেয়েছেন ১ লাখ ৬৮ হাজার ৪৯ ভোট।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *