বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থায় দায়িত্ব পালন করা নয়জন সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপন জারি করে এ সিদ্ধান্তের কথা জানায়।
চুক্তি বাতিল হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন পরিকল্পনা কমিশনের সদস্য মোখলেস উর রহমান, এস এম আকমল হোসেন ও কাইয়ুম আরা বেগম। এছাড়া বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক শরীফা খান, স্বাস্থ্যসেবা বিভাগের মো. সাইদুর রহমান, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের শীষ হায়দার চৌধুরী, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক (সিনিয়র সচিব) সিদ্দিক জোবায়ের, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ ইউসুফ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মমতাজ আহমেদ রয়েছেন তালিকায়।
এদিকে একই দিনে আরও তিনজন সচিবকে তাদের বর্তমান পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। তারা হলেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা তিনটি পৃথক প্রজ্ঞাপনে এসব সিদ্ধান্ত কার্যকরের কথা জানানো হয়েছে।
