দেশের ভাগ্য পরিবর্তনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক :

2 Min Read
শনিবার আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : পিএমও

রাজনৈতিক দলগুলোকে দেশের মানুষের কল্যাণে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করতে হবে এবং আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে যেন দেশের ভাগ্য উন্নয়নে কাজ করার তৌফিক পাওয়া যায়।

শনিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সংসদের বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজিত ইফতার মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী ইফতারে আমন্ত্রণ জানানোর জন্য জামায়াত নেতাদের ধন্যবাদ জানিয়ে বলেন, দেশের মানুষ এখন রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছে। সাম্প্রতিক নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হয়েছে উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘ সময়ের ত্যাগ ও সংগ্রামের পর জনগণ আবারও গণতান্ত্রিক অধিকার চর্চার সুযোগ পেয়েছে।

অনুষ্ঠানে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান একই টেবিলে ইফতার করেন। সেখানে বিএনপি ও জামায়াতের শীর্ষ নেতাদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, বহু মানুষের আত্মত্যাগ ও নির্যাতনের মধ্য দিয়ে যে গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে, তা রক্ষা করা সবার দায়িত্ব। তিনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় এবং দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করার অঙ্গীকার নেওয়ার আহ্বান জানান।

ইফতার মাহফিলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও মঈন খানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সংসদ সদস্য, বিশিষ্ট ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *