আসিফ মাহমুদের ব্যাংক হিসাব চেয়েছে বিএফআইইউ

বিশেষ প্রতিনিধি :

2 Min Read
ফাইল ছবি।

সদ্যসাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া-র ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

সোমবার (২ মার্চ) বিকেলে বিএফআইইউ দেশের ৫৬টি তফসিলি ব্যাংক ও বিভিন্ন নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে চিঠি পাঠিয়ে তার ব্যক্তিগত অ্যাকাউন্টসংক্রান্ত সব তথ্য চেয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। নির্দেশনায় বলা হয়েছে, আগামী তিন কর্মদিবসের মধ্যে লেনদেনসহ বিস্তারিত তথ্য সংস্থাটিতে পাঠাতে হবে।

ছাত্রজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন আসিফ মাহমুদ। পরবর্তীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে তিনি আলোচনায় আসেন এবং জুলাই অভ্যুত্থানের সময় সামনের সারির নেতৃত্বে ছিলেন।

আওয়ামী লীগ সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূস-এর নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান তিনি। পরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বও তার ওপর ন্যস্ত করা হয়।

উপদেষ্টা থাকাকালে ক্ষমতার অপব্যবহার ও বিলাসী জীবনযাপনের অভিযোগে একাধিকবার সমালোচনার মুখে পড়েন আসিফ মাহমুদ। নিজ এলাকা কুমিল্লার মুরাদনগর থেকে নির্বাচনে অংশ নিতে প্রশাসনিক প্রভাব খাটানোর অভিযোগও ওঠে, যা নিয়ে স্থানীয়ভাবে আন্দোলন-বিক্ষোভ হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতির অংশ হিসেবে ২০২৫ সালের ১০ ডিসেম্বর তিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন। ঢাকা-১০ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত তিনি প্রার্থী হননি। বর্তমানে এনসিপির মুখপাত্র হিসেবে দলীয় কার্যক্রম পরিচালনা করছেন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *