এনসিপির বহিষ্কৃত নেতা তানভীরের দেশত্যাগের নিষেধাজ্ঞা প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক :

নিজস্ব প্রতিবেদক :

2 Min Read
এ বি এম গাজী সালাউদ্দিন তানভীর, ফাইল ছবি।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর বহিষ্কৃত যুগ্ম সদস্য সচিব এ বি এম গাজী সালাউদ্দিন তানভীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লকের আদেশ প্রত্যাহার করেছেন আদালত।

ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ শুনানি শেষে রোববার এ আদেশ দেন। বিষয়টি প্রকাশ্যে আসে মঙ্গলবার।

দুদকের প্রসিকিউশন বিভাগের সহকারী পরিচালক আমিনুল ইসলাম জানান, গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে চলমান অনুসন্ধান শেষ হওয়ায় গত ১৮ ফেব্রুয়ারি আদালতে প্রতিবেদন দাখিল করা হয়। এরপর দেশত্যাগে নিষেধাজ্ঞা ও এনআইডি ব্লকের আদেশ প্রত্যাহারের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।

এর আগে ২৭ মে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর আবেদনের ভিত্তিতে তানভীরের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা এবং এনআইডি ব্লকের আদেশ দিয়েছিলেন আদালত। দুদকের আবেদনে বলা হয়েছিল, তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, তদবির বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। এছাড়া তিনি দেশত্যাগ করতে পারেন এমন আশঙ্কার কথাও উল্লেখ করা হয়।

চব্বিশের আন্দোলনের পর গঠিত রাজনৈতিক দল এনসিপির শীর্ষ পর্যায়ের নেতা হিসেবে পরিচিত তানভীরের ‘হঠাৎ বিলাসী জীবনযাপন’ এবং সামাজিক মাধ্যমে ওঠা নানা অভিযোগ ঘিরে দলটির ভেতরে আলোচনা শুরু হয়। পরবর্তীতে ২০২৫ সালের ২১ এপ্রিল জেলা প্রশাসক নিয়োগ ও এনসিটিবির বই ছাপার কাজে ‘কমিশন বাণিজ্য’ ও ‘হস্তক্ষেপ’-এর অভিযোগে তাকে সাময়িক অব্যাহতি দেয় দলটি।

দুদকের অনুসন্ধান শেষ হওয়ার পর আদালতের সাম্প্রতিক আদেশে তার ওপর আরোপিত নিষেধাজ্ঞা ও এনআইডি ব্লক তুলে নেওয়া হলো।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *