নারী সমঅধিকার ও রাজনীতিতে নারীদের সম্পৃক্ততা বাড়াতে সরকারের গুরুত্ব আরোপ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেছেন, তিনি যাদেরকে উগ্রবাদী ফোর্স হিসেবে মনে করেন, এবারের নির্বাচনে তারা বিরোধী দলের স্থান করে নিয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) ব্রিটিশ কাউন্সিলে নারী দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে প্রতিমন্ত্রী বলেন, ‘আমি অন্তত যাদেরকে উগ্রবাদী ফোর্স হিসেবে চিন্তা করি, নারী সমতা, নারী নেতৃত্ব বা নারীদের মর্যাদা নিয়ে যাদের চিন্তা-চেতনা ভিন্ন, তারা বিশাল অঙ্কের ভোট জয় করে আমাদের দেশে এখন বিরোধী দলের স্থান করে নিয়েছেন।’
তিনি আরও উল্লেখ করেন, দেশে এখন সমাজের নানা ক্ষেত্রে রক্ষণশীল চিন্তাধারা ক্রমশ প্রভাব বিস্তার করছে।
‘জাতীয় সংস্কৃতি ও ধর্মীয় অনুভূতি অবশ্যই সম্মানযোগ্য, কিন্তু তা কখনো নারীর নেতৃত্ব ও সমতার পথে বাধা হয়ে দাঁড়াতে পারবে না,’ তিনি যোগ করেন।
নিজের নির্বাচনী এলাকার উদাহরণ দিয়ে প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনে দুইজন প্রধান প্রার্থী ছিলেন, একজন তিনি নিজে, আরেকজন ছিলেন ধর্মীয় আলেম পরিচয়ে।তার বিশ্বাস ছিল নারীদের রাজনীতিতে কোনো স্থান নেই।
‘গণতান্ত্রিক ব্যবস্থায় এটা তার মতামত, কিন্তু নারীদের সোশ্যাল ও রাজনৈতিক ফোরাম থেকে মুছে ফেলা চলতে পারে না,’ তিনি মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সরকারী উদ্যোগের অংশ হিসেবে নারীদের শিক্ষাক্ষেত্রে বিশেষ সুযোগ নিশ্চিত করা, ১৮০ দিনের বাস্তবায়নযোগ্য পরিকল্পনায় নারী শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত পরিসর রাখা এবং সাম্যভিত্তিক ভবিষ্যৎ সমাজ গঠনে নারীর অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে কাজ চালাচ্ছেন বলে জানান।
