বিমানবন্দরে আটক জামায়াত নেতার লাগেজে ৭৪ লাখ টাকা

বিশেষ প্রতিনিধি :

2 Min Read

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধানের কাছ থেকে উদ্ধার হওয়া নগদ অর্থের পরিমাণ ৭৪ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করীম রেজা জানান, জব্দ করা ব্যাগের টাকা গণনা শেষে এ পরিমাণ নিশ্চিত হওয়া গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, বেলাল উদ্দিন ইউএস বাংলার একটি ফ্লাইটে সকাল ১০টা ৫৫ মিনিটে ঢাকা থেকে সৈয়দপুরে পৌঁছান। গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দরে তল্লাশি চালিয়ে তার লাগেজে বিপুল পরিমাণ নগদ টাকা পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, অর্থটি তার ব্যবসায়িক লেনদেনের। তবে তাৎক্ষণিকভাবে টাকার বৈধ উৎসের প্রমাণপত্র দেখাতে পারেননি বলে দাবি পুলিশের।

আটকের পর তিনি অসুস্থ বোধ করলে তাকে সৈয়দপুরের ১০০ শয্যার হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রংপুরে স্থানান্তর করা হয়েছে। বেলাল উদ্দিন ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকার বাসিন্দা। তার বাবা দবিরুল ইসলাম স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষক।

এদিকে, আটক হওয়ার পর এক ভিডিও বার্তায় বেলাল উদ্দিন দাবি করেন, তার কাছে থাকা ৫০ লাখ টাকা গার্মেন্টস ব্যবসার কাজে বহন করা হচ্ছিল। তিনি নিজেকে একটি কলেজের শিক্ষক বলেও উল্লেখ করেন।

ঘটনাটিকে ‘সাজানো’ বলে দাবি করেছে জামায়াতে ইসলামী। রাজধানীর মগবাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ব্যাংক বন্ধ থাকায় ব্যবসায়িক প্রয়োজনে নগদ অর্থ বহন করা হয়েছিল। নির্বাচনকে সামনে রেখে দলকে বিতর্কিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

দলটির পক্ষ থেকে আরও বলা হয়, বিভিন্ন স্থানে তাদের নেতাকর্মীদের ওপর হামলা ও প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের অভিযোগ রয়েছে। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *