সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তি বিচার বিভাগের স্বাধীনতার ওপর আঘাত: জামায়াত

নিজস্ব প্রতিবেদক :

2 Min Read
ছবি: সংগৃহীত

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তিকে বিচার বিভাগের স্বাধীনতার ওপর ‘চপেটাঘাত’ এবং জাতির সঙ্গে ‘বিশ্বাসঘাতকতা’ বলে মন্তব্য করেছে জামায়াতে ইসলামী। দলটি বলেছে, সরকারের এ সিদ্ধান্ত স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠার দীর্ঘদিনের দাবিকে ক্ষতিগ্রস্ত করেছে।

বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও আইনজীবী শিশির মোহাম্মদ মনির।

তিনি বলেন, জুলাই সনদে স্বাধীন বিচার বিভাগ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হলেও পরে সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করা হয়েছে। এতে জনগণের সঙ্গে সরকারের বিশ্বাসভঙ্গ হয়েছে। বিএনপিসহ ৩২টি রাজনৈতিক দল পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয়ের বিষয়ে একমত হয়েছিল বলেও দাবি করেন তিনি।

শিশির মনির বলেন, নিম্ন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি, ছুটি ও শৃঙ্খলা নিয়ন্ত্রণের ক্ষমতা আইন মন্ত্রণালয়ের হাতে থাকলে বিচারকরা স্বাধীনভাবে কাজ করতে পারবেন না। বিচার বিভাগের প্রশাসনিক নিয়ন্ত্রণ সুপ্রিম কোর্টের অধীনে থাকা উচিত বলেও মত দেন তিনি।

সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ, এহসানুল মাহবুব জুবায়ের ও নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন উপস্থিত ছিলেন।

জামায়াতের নেতারা বলেন, হাইকোর্ট গত বছরের ২ সেপ্টেম্বর পৃথক বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছিলেন। পরে সরকার অধ্যাদেশ জারি করে সচিবালয় গঠন করলেও তা বাতিল করা হয়েছে। সম্প্রতি বিচার বিভাগের কয়েকজন কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করার ঘটনাকেও তারা সমালোচনা করেন।

শিশির মনির বলেন, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত না হলে জনগণ ন্যায়বিচার থেকে বঞ্চিত হবে। বিচারকদের প্রশাসনিক নিয়ন্ত্রণ নির্বাহী বিভাগের হাতে থাকলে বিচার ব্যবস্থার নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হওয়ার আশঙ্কা রয়েছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *