তিন মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় এসেছে সফরকারী দল পাকিস্তান। সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১১, ১৩ ও ১৫ মার্চ, সবগুলোই মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
সিরিজ শুরুর আগে মঙ্গলবার মিরপুরে ট্রফি উন্মোচন করেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এবং পাকিস্তান অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। দুই দলের অধিনায়কের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে সিরিজের ট্রফি প্রদর্শন করা হয়।
গত ২ ডিসেম্বরের পর এই প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ দল। মাঝের সময়টায় টাইগারদের টি–টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ব্যস্ত থাকার কথা ছিল। তবে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের টানাপড়েনের কারণে সেই আসরে অংশ নেওয়া হয়নি বাংলাদেশের।
ওয়ানডে ফরম্যাটে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের পরিসংখ্যান খুব একটা আশাব্যঞ্জক নয়। এখন পর্যন্ত দুই দলের মধ্যে ৩৯টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে বাংলাদেশ জিতেছে মাত্র ৫টি এবং পাকিস্তান জিতেছে ৩৪টি ম্যাচ।
দুই দলের মধ্যে এটি সপ্তম দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ। পাকিস্তান টানা পাঁচটি সিরিজ জয়ের পর ২০১৫ সালে নিজেদের মাঠে পাকিস্তানকে ৩–০ ব্যবধানে হারিয়ে সিরিজ জেতে বাংলাদেশ।
বাংলাদেশের মাটিতে দুই দলের ১৭টি ওয়ানডের মধ্যে পাকিস্তান জিতেছে ১৪টি এবং বাংলাদেশ জিতেছে তিনটি। বাংলাদেশে অনুষ্ঠিত চারটি সিরিজের মধ্যে তিনটি জিতেছে পাকিস্তান এবং একটি জিতেছে স্বাগতিকরা।
অন্যদিকে পাকিস্তানের মাটিতে দুইবার পাঁচ ম্যাচের সিরিজ খেলেছে বাংলাদেশ, যেখানে দুইবারই হোয়াইটওয়াশ হয়েছে টাইগাররা। সব মিলিয়ে পাকিস্তানের মাঠে এখন পর্যন্ত ১২টি ওয়ানডে খেলেও কোনো জয় পায়নি বাংলাদেশ।
