শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির ন্যূনতম যোগ্যতা স্নাতক নির্ধারণ

তবে বিশেষ ক্ষেত্রে শিক্ষা বিস্তার ও উন্নয়নে উল্লেখযোগ্য অবদান বা অন্য কোনো বিশেষ যোগ্যতা বিবেচনায় নিয়ে মন্ত্রণালয় প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে।

নিজস্ব প্রতিবেদক :

নিজস্ব প্রতিবেদক :

2 Min Read
ফাইল ছবি।

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতির জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান নির্ধারণ করে পরিপত্র জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

সোমবার (১৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলীর সই করা এক পরিপত্রে এ তথ্য জানানো হয়।

পরিপত্রে বলা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট ব্যক্তির সাধারণ শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস বা সমমান হতে হবে।

এডহক কমিটির সভাপতি মনোনয়নের প্রক্রিয়াও পরিপত্রে উল্লেখ করা হয়েছে। এ ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান মহানগর এলাকায় বিভাগীয় কমিশনারের মাধ্যমে এবং অন্যান্য এলাকায় সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকের মাধ্যমে তিনজন সম্ভাব্য প্রার্থীর নাম ও জীবনবৃত্তান্ত শিক্ষা বোর্ডে পাঠাবেন। প্রস্তাবিত ব্যক্তিরা সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মরত বা অবসরপ্রাপ্ত প্রথম শ্রেণির কর্মকর্তা, অবসরপ্রাপ্ত শিক্ষাবিদ, স্থানীয় শিক্ষানুরাগী বা সমাজসেবক, শিক্ষায় আগ্রহী খ্যাতিমান ব্যক্তি কিংবা সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হতে পারবেন। শিক্ষা বোর্ড প্রস্তাবিত তিনজনের মধ্য থেকে একজনকে সভাপতি হিসেবে মনোনীত করবে।

পরিপত্রে আরও বলা হয়, গত ১০ মার্চ নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত মতবিনিময় সভার সিদ্ধান্ত অনুযায়ী এই নির্দেশনা দেওয়া হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডসহ অন্যান্য শিক্ষা বোর্ডের জন্য প্রযোজ্য প্রবিধানমালা–২০২৪ (৩১ আগস্ট ২০২৫ তারিখের সংশোধনী) অনুযায়ী এডহক কমিটি গঠনে এই নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।

এতে বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

উল্লেখ্য, ২০২৪ সালে অন্তর্বর্তী সরকার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণ করেছিল। তবে গত ১০ মার্চ অনুষ্ঠিত এক সভায় এই যোগ্যতা শিথিল করার বিষয়ে আলোচনা হওয়ায় বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়। এরপর নতুন করে এডহক কমিটির সভাপতির জন্য স্নাতক বা সমমান শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করে পরিপত্র জারি করা হলো।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *