মিউজিক্যাল ফিল্ম নির্মাণ করেছেন পরিচালক মোহাম্মদ আলী। নতুন এই মিউজিক্যাল ফিল্মটি আগামী ১৭ মার্চ প্রকাশ পাবে গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে।
প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা রাঙামাটির মনোরম লোকেশনে মিউজিক্যাল ফিল্মটির দৃশ্যধারণ করা হয়েছে। পুরো ভিডিওটি নির্মাণ করা হয়েছে পাহাড়, সবুজ প্রকৃতি ও লেকের সৌন্দর্যকে ঘিরে। এতে অভিনয় করেছেন প্রান্তর দস্তিদার ও স্বর্ণালি চৈতী।
পরিচালক মোহাম্মদ আলী জানান, গানটির কথা, সুর ও গায়কীর যে আবেগ ও গভীরতা রয়েছে, সেটিকে দৃশ্যের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তিনি বলেন, গানটির ভেতরে যে বিষাদময় অনুভূতি রয়েছে, তা রাঙামাটির নিসর্গের মধ্য দিয়ে প্রকাশ করার চেষ্টা করেছি। দর্শকদের ভালো লাগবে বলে আশা করি।
গানটি গেয়েছেন কণ্ঠশিল্পী কিশোর দাস। গানটি নিয়ে তিনি বলেন, এর পেছনে মূল কৃতিত্ব গীতিকার আসিফ ইকবালের। তিনি অসাধারণ একটি লিরিক লিখেছেন। কিশোর জানান, এর আগে আসিফ ইকবালের লেখা ‘হৃদয় দিয়ে ভালোবাসে যারা’ এবং ‘সবটা জুড়ে তুমি’ গান গাওয়ার সুযোগ পেয়েছিলেন তিনি। এবার গাইলেন ‘আমি কেমন তুমি জানো’।

তিনি আরও বলেন, গানটি তৈরিতে সংগীত পরিচালক মানাম আহমেদের বড় ভূমিকা রয়েছে। প্রায় আট থেকে দশ দিন একসঙ্গে কাজ করে গানটি তৈরি করা হয়েছে। গানটির ভেতরে একদিকে যেমন শান্ত অনুভূতি রয়েছে, তেমনি আছে হালকা হাহাকার ও না বলা কিছু আবেগ।
গানটি নিয়ে আশাবাদী গীতিকার আসিফ ইকবালও। তিনি বলেন, শিরোনাম থেকেই বোঝা যায় গানটিতে প্রেম, হাহাকার এবং অপ্রকাশিত কিছু অনুভূতির কথা রয়েছে। সেই আবেগটাই কথার মধ্যে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। কিশোরের গায়কী, মানাম আহমেদের সংগীতায়োজন এবং অমিত চ্যাটার্জির সুর মিলিয়ে গানটি নান্দনিক হয়েছে বলে তিনি মনে করেন।
তিনি আশা প্রকাশ করেন, গানটির অডিওর পাশাপাশি ভিডিওটিও দর্শকদের ভালো লাগবে এবং প্রকৃতির সৌন্দর্যের সঙ্গে গল্পের আবেগ দর্শকদের চোখে আরাম দেবে।
