প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে

বিশেষ প্রতিনিধি :

2 Min Read
ছবি - বিএনপি মিডিয়া সেল।

শনিবার (২৮ মার্চ) প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে ধৈর্য ধরে আইনশৃঙ্খলার মধ্যে থেকে কাজ করতে হবে এবং কোনোভাবে মানুষের ভোগান্তি যেন না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর আজ প্রথমবার কেন্দ্রীয় কার্যালয়ে আসেন তারেক রহমান। সন্ধ্যা ৭টায় কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছান তিনি। এ সময় দলের নেতা-কর্মীরা তাকে স্বাগত জানান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান এ তথ্য জানিয়েছেন। উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম মনি।

ছবি: সংগৃহীত

কার্যালয়ে নিজের চেম্বারে অফিস করেছেন তারেক রহমান এসময় বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে দল ও অঙ্গ-সংগঠনের নেতারা সঙ্গে কথা বলেছেন।

কেন্দ্রীয় কার্যালয়ের ব্যালকনিতে দাঁড়িয়ে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্যে তারেক রহমান বলেন, ‘আমাদের চেষ্টা করতে হবে, সবকিছু যেন স্বাভাবিক থাকে। আমি অফিসে আরও আসব, তবে রাস্তা বন্ধ করা যাবে না। মানুষের চলাফেরা বাধাগ্রস্ত করা যাবে না।’ তিনি নেতাকর্মীদের উদ্দেশে দ্রুত সড়ক ফাঁকা করে দেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, দলীয় কার্যালয়ে এলে সাংগঠনিক কাজ করা যাবে এবং নেতাকর্মীদের সঙ্গে দেখা করা সম্ভব হবে। ‘আপনাদের সহযোগিতা থাকলে আমি অফিসে আসতে পারব, না থাকলে পারব না,’ বলেন তিনি।

নেতাকর্মীদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ‘আমাদের ধৈর্য ধরতে হবে, আইনশৃঙ্খলার ভেতরে থাকতে হবে এবং আমাদেরকে মানুষের পাশে দাঁড়াতে হবে।’

তিনি বলেন, দেশে নানা সমস্যা রয়েছে— এসব বিষয়ে মানুষকে বোঝাতে হবে এবং তাদের ধৈর্য ধারণে সহযোগিতা করতে হবে।

বিএনপির চেয়ারম্যান বলেন, ‘মানুষ অনেক প্রত্যাশা নিয়ে দলের দিকে তাকিয়ে আছে।’ তাই কোনো কর্মকাণ্ডের মাধ্যমে যেন মানুষের কষ্ট বা অসুবিধা না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

বক্তব্যের একপর্যায়ে তিনি সড়ক স্বাভাবিক রাখার ওপর জোর দিয়ে বলেন, ‘আমাদের এখন প্রথম কাজ হচ্ছে রাস্তাটা ক্লিয়ার করা।’ একই সঙ্গে তিনি সতর্ক করেন, ভবিষ্যতেও পরিস্থিতি স্বাভাবিক রাখা না হলে তার পক্ষে সেখানে আসা কঠিন হবে।

- Advertisement -
newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *