রাজধানীর শাপলা চত্বরে সংঘটিত সহিংসতা ও হত্যা মামলায় পুলিশের সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডলকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, শাপলা চত্বরে হেফাজতের ওপর হামলা ও হত্যাকাণ্ড সংক্রান্ত মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় এবং এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার হওয়া আব্দুল জলিল মণ্ডলের বাড়ি পাবনা জেলায়। কর্মজীবনে তিনি ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার এবং র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এ ঘটনায় সংশ্লিষ্ট মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
