পহেলা বৈশাখে আয়োজিত মঙ্গল শোভাযাত্রা বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে। রিটে বলা হয়েছে, এই আয়োজনের ফলে দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় বিশ্বাস, সাংবিধানিক অধিকার এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন জনস্বার্থে এ রিট দায়ের করেন। এতে সংস্কৃতি, ধর্ম ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, ঢাকা জেলা প্রশাসক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং চারুকলা অনুষদের ডিনসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
রিটে উল্লেখ করা হয়, মঙ্গল শোভাযাত্রা প্রাচীন ঐতিহ্যের অংশ নয়; এটি ১৯৮৯ সালে ‘আনন্দ শোভাযাত্রা’ হিসেবে শুরু হয়ে পরবর্তীতে বর্তমান রূপ পায়। আবেদনকারীর দাবি, এই আয়োজন ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক এবং এটি মুসলিম জনগোষ্ঠীর মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে।
মঙ্গল বা আনন্দ নয়, বর্ষবরণ হবে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে: সংস্কৃতিমন্ত্রী
এছাড়া রিটে বলা হয়েছে, শোভাযাত্রায় ব্যবহৃত কিছু প্রতীক বিভিন্ন ধর্মীয় উপাদানের সঙ্গে যুক্ত, যা সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পারে। ফলে জননিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা বিঘ্নিত হওয়ার ঝুঁকি রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
রিট আবেদনে সংবিধানের ধর্মীয় স্বাধীনতা, আইনের সুরক্ষা এবং জীবনের অধিকারের বিষয়টিও তুলে ধরা হয়েছে।
এ বিষয়ে আবেদনকারী আইনজীবী বলেন, বিষয়টির স্থায়ী সমাধান এবং আইনি অবস্থান স্পষ্ট করতে আদালতের হস্তক্ষেপ প্রয়োজন।
রিটে পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রার আয়োজন, অনুমোদন বা প্রচার কার্যক্রম থেকে সংশ্লিষ্টদের বিরত রাখতে নির্দেশনা চাওয়া হয়েছে।
