বাণিজ্য চুক্তির সঙ্গে জড়িত উপদেষ্টাদের গ্রেপ্তারের দাবি

নিউজনেক্সট অনলাইন :

3 Min Read

জাতীয় স্বার্থ বিরোধী মার্কিন বাণিজ্য চুক্তির সাথে জড়িত উপদেষ্টাদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছেন সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার এবং সম্পাদিত জাতীয় স্বার্থ বিরোধী অসম চুক্তি বাতিলে সরকারকে বাধ্য করতে আগামী ২৭ এপ্রিল জাতীয় সংসদ অভিমুখে বিক্ষোভ মিছিল ও স্পিকারের নিকট স্মারকলিপি প্রদানের কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন।

আজ সোমবার রাজধানীতে গণসংযোগ ও পথসভায় বক্তৃতাকালে এই দাবি জানান তারা। রাজধানীর শাহবাগ থেকে শুরু করে কাটাবন, বাটা মোড়, এলিফ্যন্ট রোড, সাইন্স ল্যাবরেটরি, নিউমার্কেট, নিলক্ষেত এলাকায় গণসংযোগে অংশ নেন বজলুর রশীদ ফিরোজ, নাজমুল হক প্রধান, আবদুল্লাহ ক্কাফি রতন, বেলাল চৌধুরী, ডা. হারুনুর রশীদ, নজরুল ইসলাম, আনোয়ারুল ইসলাম বাবু, মহিন উদ্দিন চৌধুরী লিটন, রাশেদ শাহরিয়ার, কামাল হোসেন বাদল, রজত হুদা, শহীদুল ইসলাম সবুজ, আমেনা আক্তার, ইসমাইল চৌধুরী, ছাত্রনেতা মুক্তা বাড়ৈ, সালমান সিদ্দিকী, তামজিদ হোসেন, জাবির আহমেদ জুবেল প্রমুখ।

অন্যদিকে উত্তরা আজমপুর বাসস্ট্যান্ড থেকে শুরু করে উত্তরা রেলগেট এলাকায় লিফলেট বিলি, প্রচার ও গণসংযোগ করেন অধ্যাপক আব্দুস সাত্তার, ডা.মুশতাক হোসেন, রাগিব আহসান মুন্না, সৈয়দ হারুনুর রশীদ, সুশান্ত সিনহা সুমন, শামীম ইমাম, রায়হান উদ্দিন, মো. রফিক, ইনজামাম প্রমুখ।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ‘বর্তমান সরকার সাম্রাজ্যবাদী যুদ্ধের অজুহাত দেখিয়ে সমন্বয়ের নামে সব রকমের জ্বালানি তেলের লিটার প্রতি ১৫-২০ টাকা দাম বাড়িয়ে জনগণকে দুর্ভোগে ফেলেছে। যার প্রভাবে সব নিত্য পণ্যের দাম বেড়ে যাবে। বর্তমান সরকার প্রধান নির্বাচনের আগে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান দিয়ে জনগণের ভোট নিজের পক্ষে নেওয়ার পর এখন স্লোগানের কথা ভুলে গিয়ে দেশ বিক্রির বাণিজ্য চুক্তির বিষয়ে নিশ্চুপ হয়ে আছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে স্বাক্ষরিত ‘এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড’ একটি অসম, একতরফা ও জাতীয় স্বার্থবিরোধী চুক্তি।’ অবিলম্বে চুক্তি নিয়ে সংসদে আলোচনার আহ্বান জানান নেতৃবৃন্দ। সমাবেশে নেতৃবৃন্দ আরো বলেন, ‘গাছের আগা কেটে গোড়ায় পানি ঢালার মতো এই অসম চুক্তি বাতিল না করে কৃষকদের কৃষি কার্ড প্রদান করছেন। অন্যদিকে চুক্তির শর্ত অনুযায়ী বেশি দামে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে গমসহ কৃষি পণ্য ও প্রতিরক্ষা সরঞ্জাম আমদানি করতে বাধ্য হবে বাংলাদেশ।

ফলে গার্মেন্টসসহ দেশীয় শিল্প, কৃষি খাত ও ঔষধ শিল্প মারাত্মক প্রতিযোগিতার মুখে পড়বে এবং বিপুল সংখ্যক মানুষ বেকার হবে। সাম্রাজ্যবাদ ও যুদ্ধ বিরোধ জোটের প্রচার সপ্তাহে ষষ্ঠ দিনে আগামীকাল মঙ্গলবার বিকাল ৫টায় লালবাগ আজিমপুর সুপার মার্কেট জমায়েত হয়ে গণসংযোগ ও প্রচার এবং একই সময়ে বনানী মহাখালী ওয়ারলেস গেইটে জমায়েত হয়ে প্রচার, গণসংযোগ, লিফলেট বিলি ও পথসভা অনুষ্ঠিত হবে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *