দুই দিনে ভার্চুয়াল শুনানিতে ৭৭৩ মামলার নিষ্পত্তি

নিজস্ব প্রতিবেদক :

2 Min Read
ফাইল ছবি

জ্বালানি পরিস্থিতির প্রেক্ষাপটে তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়িয়ে সুপ্রিম কোর্টে ভার্চুয়াল উপস্থিতিতে দুই দিনে ২ হাজার ১৬৭টি মামলা শুনানি হয়েছে। এর মধ্যে ৭৭৩টি মামলা নিষ্পত্তি করা হয়েছে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত বুধবার আপিল বিভাগ (চেম্বার জজ আদালতসহ) ৯৫টি মামলার শুনানি শেষে ২১টি এবং হাইকোর্ট বিভাগ ৬১২টি মামলার শুনানি শেষে ১৫৬টি মামলা নিষ্পত্তি করে। ওইদিন মোট ৭০৭টি মামলার শুনানি ও ১৭৭টি মামলা নিষ্পত্তি হয়।

পরদিন বৃহস্পতিবার ভার্চুয়াল পদ্ধতিতে আপিল বিভাগে ১৮৯টি মামলার শুনানি ও ৯৫টি নিষ্পত্তি এবং হাইকোর্ট বিভাগে ১ হাজার ২৭১টি মামলার শুনানি ও ৫০১টি নিষ্পত্তি করা হয়। এদিন উভয় বিভাগ মিলিয়ে ১ হাজার ৪৬০টি মামলার শুনানি ও ৫৯৬টি মামলা নিষ্পত্তি হয়।

প্রধান বিচারপতির নির্দেশে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী গত ২০ এপ্রিল এক বিজ্ঞপ্তিতে জানান, বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় তথ্যপ্রযুক্তি ব্যবহার আইন-২০২০ এবং সুপ্রিম কোর্টের প্র্যাকটিস নির্দেশনা অনুসরণ করে সপ্তাহে দুই দিন—বুধবার ও বৃহস্পতিবার—ভার্চুয়াল উপস্থিতিতে উভয় বিভাগে আদালত পরিচালিত হবে। বাকি দিনগুলোতে শারীরিক উপস্থিতিতে বিচার কার্যক্রম চলবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভার্চুয়াল শুনানির কার্যতালিকা ও মিটিং আইডি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং সংশ্লিষ্ট বেঞ্চ থেকেও জানা যাবে। এই ব্যবস্থা ২২ এপ্রিল থেকে কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *