আবাহনী লিমিটেডে পরিদর্শনে ক্রীড়া প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :

2 Min Read
ছবি - সংগৃহীত।

রাজধানীর ঐতিহ্যবাহী ক্রীড়া ক্লাব আবাহনী লিমিটেডে চলমান অবকাঠামো সংকট, কার্যক্রমে ধীরগতি ও ব্যবস্থাপনা জটিলতার মধ্যে আজ শনিবার ক্লাবটি পরিদর্শন করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একসময় এই ক্লাবের তারকা ফুটবলার হিসেবে পরিচিত আমিনুল হক পরিদর্শনকালে ক্লাবের ভবিষ্যৎ উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।

ক্লাব সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে ক্লাব কমপ্লেক্স নির্মাণকাজ বন্ধ হয়ে আছে এবং কিছু ট্রফি চুরির ঘটনাও ঘটেছে। পাশাপাশি পরিচালনা পর্ষদের অনিয়মিত উপস্থিতির কারণে ক্লাবের দৈনন্দিন কার্যক্রম অনেকটা স্থবির হয়ে পড়েছে। তবে ক্রিকেট ও ফুটবল দল কিছুটা ধারাবাহিকতা বজায় রেখে প্রতিযোগিতামূলক পারফরম্যান্স চালিয়ে যাচ্ছে।

পরিদর্শনকালে খেলোয়াড় ও কর্মকর্তারা প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে তিনি ক্লাবের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং ভবিষ্যতে ক্লাব পরিচালনায় আরও শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

আমিনুল হক বলেন, আবাহনীসহ দেশের ঐতিহ্যবাহী ক্লাবগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে স্বাধীনভাবে পরিচালনার পরিবেশ তৈরি করা প্রয়োজন। ক্লাবগুলো সচল থাকলে খেলোয়াড়রাও উপকৃত হবে বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, সরকার ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে কাজ করছে এবং খেলোয়াড়দের জন্য ক্রীড়া ভাতা চালু করা হয়েছে, যা ভবিষ্যতে আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ক্লাবগুলোর আর্থিক সংকট নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, দেশের শীর্ষ ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করে তাদের পুনরুজ্জীবনের উদ্যোগ নেওয়া হবে এবং খেলোয়াড়দের পারিশ্রমিক সমস্যার সমাধানে সরকার সহযোগিতা করবে।

ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে তিনি জানান, আবাহনী লিমিটেডের নিজস্ব সম্পদ ব্যবহার করে স্বনির্ভরতা অর্জনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে অবকাঠামো উন্নয়নেও সহায়তার আশ্বাস দেন তিনি।

পরিদর্শনকালে ক্লাবের পরিচালক ও সাবেক ক্রীড়াবিদরা উপস্থিত ছিলেন। তারা ক্লাবের বর্তমান সংকট উত্তরণে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *