ওয়াশিংটনে ট্রাম্পের নৈশভোজে গুলির ঘটনা, সন্দেহভাজন আটক

আন্তর্জাতিক ডেস্ক :

2 Min Read
ছবি : রয়টার্স

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে প্রেসিডেন্ট ট্রাম্পের উপস্থিতিতে আয়োজিত এক নৈশভোজ অনুষ্ঠানে গুলির ঘটনায় কোল টমাস অ্যালেন নামে এক ব্যক্তিকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

৩১ বছর বয়সী ওই ব্যক্তি ক্যালিফোর্নিয়ার টরেন্স এলাকার বাসিন্দা এবং পেশায় একজন শিক্ষক। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, তার কাছ থেকে একটি শটগান, একটি পিস্তল এবং একাধিক ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি ওয়াশিংটনের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ধারণা করা হচ্ছে, পরিকল্পিতভাবে নিরাপত্তা বেষ্টনী ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করেন তিনি। শনিবার রাতে অনুষ্ঠানে প্রবেশের সময়ই তাকে আটক করা হয়।

অভিযুক্তের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র ব্যবহার ও হামলার অভিযোগ আনা হয়েছে। ফেডারেল প্রসিকিউটর জিনিন পিরো জানিয়েছেন, তার বিরুদ্ধে সহিংস অপরাধে আগ্নেয়াস্ত্র ব্যবহারের দুটি এবং ফেডারেল কর্মকর্তার ওপর বিপজ্জনক অস্ত্র দিয়ে হামলার একটি অভিযোগ দায়ের করা হয়েছে। সোমবার তাকে আদালতে তোলা হবে।

ওয়াশিংটনের মহানগর পুলিশের ভারপ্রাপ্ত প্রধান জেফরি ক্যারল বলেন, সন্দেহভাজনকে মাটিতে ফেলে হাতকড়া পরানোর সময় পুলিশের সঙ্গে তার গুলি বিনিময় হয়। এতে এক পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ হলেও বুলেটপ্রুফ জ্যাকেট পরা থাকায় তিনি প্রাণে বেঁচে যান।

ঘটনাস্থলে উপস্থিত মার্কিন সাংবাদিক উলফ ব্লিটজার জানান, হামলাকারী অন্তত ছয় রাউন্ড গুলি ছোড়ে। হঠাৎ গুলির শব্দে চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় আইনশৃঙ্খলা বাহিনী।

গুলির ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী প্রেসিডেন্ট ট্রাম্পকে দ্রুত সরিয়ে নেয়। তখন তিনি মঞ্চে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন। নিরাপদ স্থানে নেওয়ার সময় তিনি সামান্য হোঁচট খেলেও দ্রুত পরিস্থিতি সামাল দেওয়া হয়। ঘটনার সময় উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সবাই নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

এফবিআই- এর পরিচালক কাশ প্যাটেল জানিয়েছেন, ঘটনাস্থল থেকে একটি লম্বা আগ্নেয়াস্ত্র এবং বেশ কিছু গুলির খোসা উদ্ধার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ চলছে এবং গোপন নিরাপত্তা সংস্থার সঙ্গে যৌথভাবে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে।

প্রাথমিকভাবে একজন গোপন নিরাপত্তা সংস্থার সদস্য ছাড়া অন্য কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ওই সদস্য বুলেটপ্রুফ জ্যাকেট পরিহিত থাকায় বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

- Advertisement -

এদিকে, হামলার ঘটনায় আতঙ্কিত না হয়ে স্থগিত হওয়া এই অনুষ্ঠানটি আগামী ৩০ দিনের মধ্যে পুনরায় আয়োজনের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *