সাংবাদিক নজরুল ইসলাম মিঠুর বিদেশ ভ্রমণে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জাহির উদ্দিন স্বপন। বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে নজরুল ইসলাম এ তথ্য জানান।
পোস্টে তিনি বলেন, গত বুধবার সন্ধ্যায় মন্ত্রী ব্যক্তিগতভাবে ফোন করে তাকে জানান, তার বিদেশ ভ্রমণের ওপর থাকা নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। এর আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশ যাওয়ার সময় তাকে আটকে দেওয়ার ঘটনায় প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেছিলেন মন্ত্রী।
নজরুল ইসলাম জানান, ব্যক্তিগত সফরে চীন যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ একটি সংস্থার নিষেধাজ্ঞার কথা উল্লেখ করে তাকে বিদেশ যেতে বাধা দেয়। তবে এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি। পরে তিনি বিষয়টি তথ্য ও সম্প্রচারমন্ত্রীকে অবহিত করলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পান।
ফোনালাপে মন্ত্রী তাকে বলেন, “আপনার ভ্রমণের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। এখন আপনি বিদেশ ভ্রমণে মুক্ত।”
ফেসবুক পোস্টে নজরুল ইসলাম আরও উল্লেখ করেন, মন্ত্রীর ভাষ্য অনুযায়ী, পূর্ববর্তী সরকারের সময় এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল এবং বর্তমান সরকার সেটিকে ভুল হিসেবে বিবেচনা করে প্রত্যাহার করেছে।
সরকারের এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে সাংবাদিক নজরুল ইসলাম বলেন, এটি গণমাধ্যমের সঙ্গে সমন্বয় রেখে গণতান্ত্রিক পরিবেশ পুনর্গঠনের প্রচেষ্টার প্রতিফলন। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, বর্তমান সরকার সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে এবং সাংবাদিকদের ওপর দমন-পীড়নের অবসান ঘটাবে।
এ ঘটনায় পাশে দাঁড়ানো প্রিন্ট, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমের সহকর্মী, মানবাধিকারকর্মী এবং বিভিন্ন সাংবাদিক সংগঠনের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি। বিশেষভাবে ওভারসিজ করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ওসিএবি), বাংলাদেশি জার্নালিস্টস ইন ইন্টারন্যাশনাল মিডিয়া (বিজেআইএম) এবং বিভিন্ন সাংবাদিক ইউনিয়নের প্রতি ধন্যবাদ জানান নজরুল ইসলাম মিঠু।
