দুই মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশেষ প্রতিনিধি :

1 Min Read
ছবি: মন্ত্রণালয়

দেশে গত দুই মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, পরিস্থিতি আরও উন্নত করতে সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

আজ রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মিলনায়তনে ‘পুলিশ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে আয়োজিত ‘প্রধানমন্ত্রীর বিশেষ কল্যাণ সভা’য় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ছাড়া বক্তব্য দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির এবং ধন্যবাদ জ্ঞাপন করেন অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খন্দকার রফিকুল ইসলাম।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তথ্যপ্রযুক্তির প্রসারের সঙ্গে সঙ্গে অপরাধের ধরন ও মাত্রায় পরিবর্তন এসেছে। এ কারণে পুলিশ সদস্যদের আধুনিক প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ ও দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন তিনি। তাঁর ভাষ্য, প্রয়োজনীয় দক্ষতা ছাড়া অপরাধ দমনে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন কঠিন হবে।

মন্ত্রী আরও বলেন, জুয়া, অনলাইন জুয়া, সাইবার অপরাধ ও অর্থ পাচার প্রতিরোধে যুগোপযোগী আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ইতিমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে এবং তাদের সুপারিশের ভিত্তিতে নতুন আইন করা হবে।

মব কালচার বন্ধে বিদ্যমান আইন সংশোধন ও প্রয়োজনীয় সংযোজন আনার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে জনগণের প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *