বাংলাদেশ ও ইতালির মধ্যে নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন ব্যবস্থা জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে বাণিজ্য, সংস্কৃতি ও শিল্প সহযোগিতা সম্প্রসারণ নিয়েও মতবিনিময় করেছে দুই দেশ।
আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ের তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির–এর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তনিও আলেসান্দ্রো–এর বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে মতবিনিময় করেন দুই পক্ষ।
বৈঠকে ইতালির রাষ্ট্রদূত জানান, তৈরি পোশাক, খাদ্যপণ্য, চামড়া ও চামড়াজাত পণ্যের মতো বাংলাদেশের মানসম্মত পণ্যের প্রতি ইতালির আগ্রহ বাড়ছে। এ ছাড়া দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণে নতুন সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।
ইতালীয় পক্ষ বাংলাদেশের শিল্প খাত আধুনিকায়নে সহযোগিতার আগ্রহ প্রকাশ করে। এ ক্ষেত্রে ইতালি থেকে আধুনিক প্রযুক্তি ও শিল্পযন্ত্রপাতি আমদানির বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
সাংস্কৃতিক সহযোগিতা প্রসঙ্গে হুমায়ুন কবির ইতালির খ্যাতনামা ফুটবল ক্লাবগুলোকে বাংলাদেশ সফর এবং প্রীতি ম্যাচে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান। দুই দেশই জনগণের মধ্যে যোগাযোগ ও সাংস্কৃতিক বিনিময় বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেয়।
বৈঠকে বিদ্যমান অভিবাসন সহযোগিতা পর্যালোচনা করা হয়। নিরাপদ ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে দুই দেশের মধ্যে সমন্বয় ও সহযোগিতা আরও বাড়ানোর উপায় নিয়েও আলোচনা হয়।
উভয় পক্ষ বাণিজ্য, প্রতিরক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও অভিবাসনসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করে।
বৈঠকে ইতালি দূতাবাসের উপ-মিশনপ্রধান ফেদেরিকো জাম্পারেল্লি উপস্থিত ছিলেন।
