সড়ক পরিবহন ও সেতু, নৌ-পরিবহন ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম ঘোষণা দিয়েছেন, তিন শ্রেণির যাত্রী মেট্রোরেল ও দূরপাল্লার ট্রেনে ২৫ শতাংশ ভাড়া ছাড় পাবেন। সুবিধাভোগীরা হলেন ৬৫ বছরোর্ধ্ব প্রবীণ নাগরিক, প্রতিবন্ধী ব্যক্তি এবং শিক্ষার্থী। এ ক্ষেত্রে সংশ্লিষ্টদের বৈধ পরিচয়পত্র প্রদর্শন করতে হবে।
মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, আসন্ন ঈদের আগে ছাড় কার্যকর করার চেষ্টা চলছে। তবে সময় স্বল্পতার কারণে তা সম্ভব না-ও হতে পারে। সেক্ষেত্রে আগামী কোরবানির ঈদের আগেই এ সুবিধা নিশ্চিত করা হবে। অনলাইনে টিকিট কেনার সময়ও ডিসকাউন্টের জন্য আলাদা অপশন থাকবে বলে জানান তিনি।
প্রবীণদের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রে বয়স ৬৫ বছরের বেশি প্রমাণিত হলেই ছাড় প্রযোজ্য হবে। শিক্ষার্থীদের জন্য বৈধ স্টুডেন্ট আইডি এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য স্বীকৃত পরিচয়পত্র দেখাতে হবে।
রেল খাতের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিদ্যমান ট্রেনগুলোর গতি বৃদ্ধি ও সময় সাশ্রয় নিশ্চিত করতে চলমান প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি নতুন প্রকল্পও গ্রহণ করা হচ্ছে, যাতে সেবার মান বাড়ে এবং রেলব্যবস্থা আরও জনবান্ধব হয়।
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রায় ৮৫ থেকে ৮৬টি লোকোমোটিভ ব্যবহারের পরিকল্পনার কথাও জানান তিনি। এতে শিডিউল ব্যবস্থাপনা সহজ হবে এবং অতিরিক্ত যাত্রী চাপ সামাল দেওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন।
এছাড়া সড়ক ও নৌপথে ভাড়া বেশি আদায় রোধে কঠোর নজরদারির কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, বাস ও লঞ্চ মালিক সমিতির সঙ্গে বৈঠক হয়েছে এবং তারা নির্ধারিত ভাড়া অনুসরণে অঙ্গীকার করেছে। মাঠপর্যায়ে মোবাইল টিম, হাইওয়ে পুলিশ, নৌ-পুলিশ ও অন্যান্য সংস্থা যৌথভাবে কাজ করবে।
