দেশে হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চারজনের শরীরে হাম শনাক্ত হয়েছিল, আর সাতজনের মধ্যে রোগটির উপসর্গ ছিল।
আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৫০৩ জন। আর গত ১৫ মার্চ থেকে ১০ মে পর্যন্ত মোট সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ হাজার ১৫৯ জনে।
একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ২০৫ জন। এ নিয়ে চলতি প্রাদুর্ভাবের সময় দেশে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৬ হাজার ৮১৯।
বিভাগভিত্তিক হিসাবে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ঢাকা বিভাগে। সেখানে নতুন রোগী পাওয়া গেছে ৫৯২ জন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৩৭ জন, রাজশাহী বিভাগে ১৮৩ জন, বরিশাল বিভাগে ১৭৬ জন, সিলেট বিভাগে ১২৪ জন, খুলনা বিভাগে ১০৭ জন, ময়মনসিংহ বিভাগে ৬৩ জন এবং রংপুর বিভাগে ২১ জন আক্রান্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৪ হাজার ৯০৯ জন। এ সময়ের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩০ হাজার ৮৬২ জন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় চারজনসহ এখন পর্যন্ত নিশ্চিত হামে মোট ৬৫ জনের মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪৪ জনে। এর মধ্যে সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা গেছেন সাতজন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, সন্দেহজনক হাম রোগীর সংখ্যার দিক থেকে সবচেয়ে বেশি আক্রান্ত ঢাকা বিভাগ। এ বিভাগে এখন পর্যন্ত ২২ হাজার ২০৪ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৪ হাজার ৬২৪ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।
