২০২৬–২৭ অর্থবছরের জন্য পিএইচডি ফেলোশিপ ও বৃত্তির আবেদন আহ্বান করেছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে পিএইচডি কোর্সে অধ্যয়নরত বা ভর্তিকৃত গবেষকেরা এ ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন।
আজ রোববার ট্রাস্টের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন গ্রহণ শুরু হয়েছে ১০ মে থেকে এবং চলবে আগামী ১১ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
ট্রাস্টের নির্ধারিত ওয়েবসাইটে আবেদন জমা দিতে হবে। আবেদনকারীকে শিক্ষাজীবনে অন্তত দুটি প্রথম বিভাগ বা সমমানের ফল থাকতে হবে। সে ক্ষেত্রে ৫ স্কেলে ন্যূনতম জিপিএ ৩ দশমিক ৫০ এবং ৪ স্কেলে ৩ দশমিক ০০ থাকতে হবে।
ফেলোশিপের জন্য আবেদনের তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪৫ বছর নির্ধারণ করা হয়েছে। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতিপত্রও জমা দিতে হবে।
আবেদনের সময় শিক্ষাগত যোগ্যতার সনদ ও নম্বরপত্র, পিএইচডি কোর্সে ভর্তি বা নিবন্ধনের কপি, গবেষণা প্রস্তাবনা এবং বিভাগীয় প্রধান ও তত্ত্বাবধায়কের প্রত্যয়নপত্র আপলোড করতে হবে।
অনলাইনে আবেদন সম্পন্ন করার পর আবেদনপত্র ডাউনলোড করে প্রয়োজনীয় কাগজপত্রসহ দুই সেট কপি আগামী ১১ জুন অফিস চলাকালীন সময়ের মধ্যে ডাকযোগে বা সরাসরি ট্রাস্টের কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে।
বিস্তারিত তথ্য ও নির্দেশনা ট্রাস্টের ওয়েবসাইট থেকে জানা যাবে। এ ছাড়া প্রয়োজনীয় তথ্যের জন্য নির্ধারিত হটলাইন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
